বরিশালে বাস-মাহেন্দ্র সংঘর্ষে কলেজছাত্রীসহ নিহত ৬

babugonj_accident_pic_amadershomoy২২ মার্চ ২০১৯(বিবিনিউজ):বরিশাল-বানারীপাড়া সড়কে বাস ও মাহেন্দ্রর (থ্রি-হুইলার) সংঘর্ষে বিএম কলেজ ছাত্রীসহ ছয়যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ শুক্রবার সকালে নগরীর গরিয়ারপাড় এলাকার ঢাকা-ব‌রিশাল মহাসড়কের তেতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইউনুস আলী।

নিহতরা হলেন, ঝালকাঠির বাসিন্দা ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগের মাস্টর্সের ছাত্রী শীলা হালদার (২৪), নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা রং মিস্ত্রি মানিক সিকদার (৪০), নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে কাশিপুর এলাকার অটোরিকশাচালক খোকন (৩৫), মা‌হিন্দ্রচালক কা‌শিপুর ইউনিয়নের গণপাড়া এলাকার বাসিন্দা সোহেল (২৫), পারভীন (৩৫) ও ৫০ বছর বয়সী এক নারী।

ইউনুস আলী জানান, মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে ব‌রিশাল থেকে বানারীপাড়ার দিকে যা‌চ্ছিল। তেতুলতলায় স্বরূপকা‌ঠি থেকে ব‌রিশালগামী ‘দুর্জয় পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই কলেজছাত্রী শীলার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মানিক ও খোকনকে মৃত বলে ঘোষণা করেন। তাছাড়া চিকিৎসাধীন অবস্থায় মা‌হিন্দ্রা চালক সোহেল, পারভীন ও ৫০ বছর বয়সী নারী মারা যান।

বাকি আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন, দুলাল হাওলাদার (৩৫), তন্নি আক্তার (১৭), শিশু তাইয়ুম (৭), সুমন (২৫) ও ৭ বছর বয়সী এক শিশু।

বরিশাল মহানগর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল জানান, দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার ওপরে পড়ে থাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে আধা ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় বাসটি উদ্ধার করা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ওসি আরও জানান, বাসচালক পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত বাস ও মাহেন্দ্র পুলিশের হেফাজতে রয়েছে।

Related posts

Leave a Comment