সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে দুই হিজরা ও এক চালক আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মড়াগাং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া থেকে চার হিজরা সদস্য একটি প্রাইভেট ভাড়া করে উত্তরায় যাওয়ার জন্য রওনা দেয়। পরে তাদের বহনকারী প্রাইভেটকারটি বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মড়াগাং এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি প্রাইভেট কার তাদের গাড়িটিকে গতিরোধ করে।
এরপর প্রাইভেট কার থেকে নেমে দুই যুবক গাড়ির চালক নুরন্নবী (২২) ও হিজরা সদস্য রাসেদা (৪৫) ও শিখাকে (৩৫) গুলি করে দ্রুত আব্দুল্লাহপুরের দিকে দিকে পালিয়ে যায়।
পরে গাড়িতে থাকা অন্য দুই হিজরা সদস্য গুলিবিদ্ধ তিনজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি এফ এম সায়েদ বলেন, কি কারণে দুর্বৃত্তরা গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
