ঠাকুরগাঁও, ২৫ সেপ্টেম্বর : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় গরু ব্যবসায়ীরা জানায়, রবিবার রাত আনুমানিক ৯ টার দিকে রাজ্জাক বাংলাদেশ সীমান্ত ডাবরির বিপরীতে ভারতের ১৭১-ফুলবাড়ি শ্রীপুর সীমান্তে অবৈধভাবে গরু আনতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সৈন্যরা লক্ষ্য করে রাজ্জাককে গুলি ছোড়ে। এ সময় আব্দুর রাজ্জাক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিএসএফের সদস্যরা রাজ্জাককে ভারতীয় ক্যাম্পে নিয়ে যান।
এ বিষয়ে ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল বাশার বলেন, আব্দুর রাজ্জাকের শার্টের পকেটে ভারতীয় নাগরিকের পরিচয় পত্র পাওয়া গেছে। তাছাড়া সে ভারতের ভেতরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
সুত্র জানায়, কিছু ব্যক্তি ধনী হওয়ার আশায় হতদরিদ্র মানুষকে জীবনের ঝুঁকিতে ফেলেছে। জেলার বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু আনছে একটি বিশেষ মহল।
