সংস্কৃতি চর্চাই গড়ে তুলতে পারে একটি মানবিক জাতি: আসাদুজ্জামান নূর

noorঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০১৭ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী জাতি গঠনের পাশাপাশি একটি মানবিক জাতি হিসেবে সমগ্র বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করে তুলতে চাই। তিনি বলেন, সংস্কৃতি চর্চাই পারে এমন একটি মানবিক জাতি গড়ে তুলতে। তিনি রোববার রাতে শিল্পকলা একাডেমী আয়োজিত চীনে প্রশিক্ষণপ্রাপ্ত শিশু অ্যাক্রোবেটিক শিল্পীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক সহযোগিতার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও ক্রমাগত সহযোগিতা করে যাচ্ছে। এজন্য চীন সরকারের নিকট আমরা ঋণী। আমাদের ছেলেমেয়েদের যথেষ্ট প্রতিভা আছে এবং বর্তমান সরকার তাদের প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চীন বাংলাদেশের কাছের ও পরীক্ষিত বন্ধু।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং,বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক মো. বদরুল আনম ভূঁইয়া।
শিল্পকলা একাডেমী থেকে জানান হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও চীনা দূতাবাস বাংলাদেশের সহযোগিতায় চীনের বেইজিং ইন্টারন্যাশনাল আর্ট স্কুলে প্রশিক্ষণের জন্য ২জন দলীয় প্রধান ও ২০ জন শিশু অ্যাক্রোবেটিক শিল্পী প্রশিক্ষণার্থীসহ সর্বমোট ২২ জনকে চীনে প্রেরণ করা হয়। যার মধ্যে প্রথম দল হিসেবে ১০ জন শিশু অ্যাক্রোবেটিক শিল্পী ও ১ জন দলীয় প্রধানসহ সর্বমোট ১১জন চীনে সফলভাবে প্রশিক্ষণ শেষে সম্প্রতি দেশে প্রত্যাবর্তন করেছে। অনুষ্ঠানে ২০১৬-১৭ সালে চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিশু অ্যাক্রোবেটিক শিল্পীদের সনদপত্র প্রদান করা হয়।

শেখ সুলতানা / বিবি নিউজ

Related posts

Leave a Comment