জয়পুরহাট, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ : জয়পুরহাট জেলায় এবার ২শ ৬৫ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য জেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে সাজ সাজ রব পড়েছে।
জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট সকলেই প্রতিমা তৈরির বিষয়গুলো মনিটরিং করছেন সার্বক্ষণিক। পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় এবার ২শ’ ৬৫ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ৯৪টি, কালাই উপজেলায় ২৯ টি, ক্ষেতলাল উপজেলায় ৪২ টি, আক্কেলপুর উপজেলায় ৪০ টি ও পাঁচবিবি উপজেলায় ৬০ টি। ইতোমধ্যে দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। চলতি সপ্তাহ থেকেই রং দেয়ার কাজ শুরু করবেন বলে জানান মাদারগঞ্জ দুর্গা মন্দিরের কারিগর নারু পাল।
২৬ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসব শুরু হবে বলে জানান কমিটির সম্পাদক বিবেকানন্দ চৌধুরী। প্রতিটি দূর্গা মন্ডপে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
পুলিশ সুপার রশীদুল হাসান জানান, পূজা মন্ডপে পুলিশ, আনসার, সাদা পুলিশের পাশাপাশি সাধারণ পুলিশ ও র্যাবের টহল দল থাকবে। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত থাকবে সার্বক্ষণিক।
জয়পুরহাটে ২৬৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
