৪ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটি ব্যাটারিচালিত রিকশার মধ্যে সংঘর্ষে এক ছাত্রীর মাথার খুলিতে গুরুতর জখম হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম পূজা মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি ব্যাটারিচালিত রিকশায় করে বিশমাইলের দিকে যাচ্ছিলেন পূজা। শিক্ষক ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ব্যাটারিচালিত রিকশা তাঁর রিকশাকে ধাক্কা দেয়। এতে পূজার রিকশাটি উল্টে যায়। রিকশা থেকে পড়ে তিনি মাথা, কাঁধ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তাঁর মাথা থেকে রক্তপাত হয়েছে। পরে তাঁকে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পূজাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত শিক্ষার্থীকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর মাথার খুলিতে বেশ কিছু গুরুতর জখম আছে। এ জন্য কাল বুধবার অস্ত্রোপচার করা হবে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কনসালট্যান্ট সোহেল আহমেদ বলেন, ওই রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর মাথার খুলিতে বেশ কিছু গুরুতর জখম আছে। এ জন্য কাল বুধবার অস্ত্রোপচার করা হবে। পর্যায়ক্রমে আরও অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী বলেন, দুটি রিকশার গতি বেশি ছিল। ওই ছাত্রীর রিকশাকে ধাক্কা দেওয়ার পর অপর রিকশাওয়ালা রিকশাসহ সেখান থেকে পালিয়ে যান। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ক্যাম্পাস খোলার পর থেকেই ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন।
