বিবি নিউজ , ঢাকা, ১২ সেপ্টেম্ব : হযরত শাহজালাল আন্তর্জাাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীর কাছ থেকে প্রায় সোয়া দুই কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
রোববার মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা ওই যাত্রী ২১ টি স্বর্ণেরপাত নিয়ে আসে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জব্দকৃত ২১ টি স্বর্ণপাতের ওজন দুই কেজি ২২৮গ্রাম। এসব স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। আটককৃত যাত্রীর নাম জিন্নাত মাহমুদ শামীম (৪১)।তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। বাবার নাম আব্দুল খালেক বেপারি।
ড. মঈনুল খান জানান, আটক যাত্রী মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে (ওডি- ১৬২) নম্বরের ফ্লাইটে ঢাকায় অবতরণ করে। এরপর ওই যাত্রী বিমান থেকে নেমে তরিঘড়ি করে কোন প্রকার ব্যাগেজ ঘোষণা না দিয়ে দ্রুতগ্রীণ চ্যানেল ত্যাগ করার চেষ্টা করে। এসময় শুল্ক গোয়েন্দারা তাকে আটক করে এবং তার দুটি লাগেজ স্ক্যানিং করে লোহার রিং এর ভেতরে হলুদ রঙের স্কচটেপ মোড়ানো জিআই তার আকৃতির ২১ টি স্বর্ণপাত খুঁজে পায়।ওই যাত্রী স্বর্ণ গলিয়ে বিশেষভাবে পাত তৈরি করে এসব স্বর্ণ নিয়ে এসেছিল।
শুল্ক গোয়েন্দা ডিজি আরও জানান, পাসপোর্ট অনুযায়ী চলতি বছরে ১৭ বার বিদেশ ভ্রমন করেছে ওই যাত্রী।
দিয়া ইসলাম / বিবি নিউজ / ৪৪
