ডেস্ক রিপোর্ট: কলকাতায় ২৯তম ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ারের (আইআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারত গেলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি আজ ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
২৩ ডিসেম্বর কলকাতায় মিলন মেলা হলে এ শিল্প-বাণিজ্য মেলা উদ্বোধন করা হবে। ১০ দিনব্যাপী আয়োজিত এ মেলা আগামী ১ জানুয়ারি শেষ হবে।
উল্লেখ্য, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সবচেয়ে বড় শিল্প ও বাণিজ্য মেলা। ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত ভারতের প্রাচীন শিল্প ও বণিক সংগঠন দ্যা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) ১৯৮৭ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে।
শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, এবারের মেলায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, থাইল্যান্ড, মিশর, তুরস্ক, ভিয়েতনাম, ঘানা, সিঙ্গাপুর, হংকং ও দুবাইয়ের উদ্যোক্তারা অংশ নেবেন।
এতে হস্ত, কুটির, মাঝারি ও বৃহৎ শিল্পের সাথে সংশ্লিষ্ট ৭ শতাধিক উদ্যোক্তা তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করবে। পাশাপাশি এতে অংশগ্রহণকারী দেশগুলোর ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্যিক আলোচনায় অংশ নেবেন।
মেলায় অংশগ্রহণের ফলে বিশেষ করে, বাংলাদেশের ক্ষুদ্র ও হস্তশিল্প উদ্যোক্তাদের পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। একই সাথে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত বন্ধন সুদুঢ় হবে।
এ উদ্যোগ ভারতসহ অংশগ্রহণকারী দেশগুলোর সাথে বাংলাদেশের শিল্প প্রযুক্তি, অভিজ্ঞতা ও মেধাসম্পদ বিনিময় এবং নিবিড় সংযোজনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র জোরদার করবে।
শিল্পমন্ত্রীর এ সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক সুদৃঢ়করণেও ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
শিল্পমন্ত্রী ২৪ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
মিতু/বিবি নিউজ/৬৭৮
