মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী নির্যাতন প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

শেখ একে আজাদ, ৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :রবিবার সকাল ১০:০০ ঘটিকায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ধামরাই থানা কম্পাউন্ডে মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব তমিজ উদ্দিন মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়।

সভায় কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ, নারী নির্যাতন ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে যুবসমাজকে মাদক ও অপরাধের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা এবং পারস্পরিক সহযোগিতাই হতে পারে অপরাধ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
সভা শেষে ধামরাই এলাকাকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Related posts

Leave a Comment