বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত


২৯ জুন (বিবিনিউজ):বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিচালনা বোর্ডের ৪০তম সভা রবিবার বিকেএসপির জিরানী, সাভার, ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী এবং বিকেএসপি পরিচালনা বোর্ডের সভাপতি জনাব মো. আমিনুল হক।

সভার শুরুতে পরিচালনা বোর্ডের ৩৯তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এরপর এজেন্ডাভুক্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বিকেএসপির জনবল কাঠামো শক্তিশালীকরণ, প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন, ২০২১ সালের প্রশিক্ষণার্থী নীতিমালা হালনাগাদ, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর, নারী খেলোয়াড়দের জন্য বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীতে পাইলট প্রজেক্ট হিসেবে স্বতন্ত্র প্রশিক্ষণ ব্যবস্থা, নতুন ক্রীড়া বিভাগ হিসেবে দাবা অন্তর্ভূক্তি, বিভাগীয় ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণ, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন নীতিমালা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক ও আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া, বিকেএসপির প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিকেএসপিতে চলমান ক্রীড়া বিভাগ গুলোতে বিদেশী বিশেষজ্ঞ কোচ অন্তর্ভূক্তি, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও দক্ষ ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে বিকেএসপির কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার বিষয়ে পরিচালনা বোর্ড প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে। এছাড়া ও স্পোর্টস ডিপ্লেমেসির মাধ্যমে চীন ছাড়াও অন্যান্য দেশ যেমন, জাপান, দ:কোরিয়া, তুরস্ক, মালয়েশিয়া এর সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ফেডারেশন এর সাথে যৌথ উদ্যোগে বিভিন্ন প্রাশক্ষণ ও কোচিং প্রতিযোগিতার আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী একটি ফলোপ্রসু আলোচনার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সকলকে এক সাথে কাজ করারও আহবান জানান।

সভায় পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, বিকেএসপির মহাপরিচালক, পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে বিকেএসপির শিক্ষা, প্রশিক্ষণ ও ক্রীড়া উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।

Related posts

Leave a Comment