সাভার সরকারি কলেজে দীর্ঘ প্রতীক্ষার অবসান॥ যাত্রা শুরু করল ‘শিক্ষক ক্লাব’


ষ্টাফ রিপোর্টার,১৯ জুন ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার সাভার সরকারি কলেজের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু করল আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ‘শিক্ষক ক্লাব’। ১৯৬৭ সালে কলেজটি প্রতিষ্ঠার প্রায় ছয় দশক পর এই প্রথম শিক্ষক-শিক্ষিকাদের জন্য নিজস্ব বিনোদন, বিশ্রাম ও সৃজনশীল চর্চার এক মিলনস্থল উন্মুক্ত হলো।


আজ অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে ক্লাবের শুভ উদ্বোধন করেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক আব্দুল হালিম, অধ্যাপক আব্দুল হাকিম, প্রভাষক শহিদ এবং সাবেক প্রভাষক বদিউল আলম। এছাড়াও মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ ফকির ফারুক আহম্মেদ, সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম ফজলুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক একে আবু এহসান আল-মামুন, অধ্যাপক শাহানা জাহান সিদ্দিকা,প্রভাষক বশির আহমেদ ,প্রভাষক ইমরান হোসেন রনি,প্রভাষক জহিরুল ইসলামসহ কলেজের অন্যান্য বিভাগের সম্মানিত শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


উদ্বোধনের পর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ মোল্লা বলেন, “দীর্ঘ কর্মব্যস্ততার পর শিক্ষকদের জন্য একটি প্রশান্তিময় স্থানের প্রয়োজনীয়তা আমরা সবসময় অনুভব করেছি। এই ক্লাবটি কেবল একটি কক্ষ নয়, এটি আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের একটি সেতুবন্ধন। আমি আশা করি, এই ক্লাবটি আমাদের শিক্ষকদের সৃজনশীলতার চর্চাকেন্দ্রে পরিণত হবে।” ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে অধ্যক্ষ আরও বলেন, সৃজনশীলতা বিকাশে এখানে নিয়মিত আবৃত্তি, সাহিত্য আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যা শিক্ষকদের মানসিক উৎকর্ষ সাধনে সহায়ক ভূমিকা পালন করবে। মানসিক প্রশান্তিতে দীর্ঘ পাঠদান ও প্রশাসনিক কাজের ক্লান্তি দূর করতে শিক্ষকরা এখানে খেলাধুলা ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার মাধ্যমে নিজেদের সতেজ ও প্রাণবন্ত রাখতে পারবেন। ঐক্য ও ভ্রাতৃত্বে নিয়মিত আলোচনার মাধ্যমে শিক্ষকদের পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় হবে, যা সামগ্রিকভাবে আমাদের কলেজের পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। দায়িত্বশীলতায় ক্লাবের সম্পদ রক্ষা ও এর পরিবেশের পবিত্রতা বজায় রাখতে প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


তিনি আরো বলেন, “১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী কলেজে বর্তমানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে, যার মধ্যে কেবল অনার্স পর্যায়েই ভর্তি হয়েছে ১৮ শতাধিক শিক্ষার্থী। এত বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক নিয়ে দেশের অন্য কোনো উপজেলায় এতো বড় কলেজ নেই। জাতীয় পর্যায়েও আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সময় কৃতিত্বের স্বাক্ষর রেখে কলেজের সুনাম বয়ে এনেছেন।”
শিক্ষক পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় আজ যা বাস্তবে রূপ নিল, তা কলেজের শিক্ষক সম্প্রদায়ের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। ক্লাবটির কার্যনির্বাহী কমিটিতে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একে এম আবু এহসান আল-মামুনসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ দায়িত্ব পালন করছেন। এই উদ্যোগের মাধ্যমে সাভার সরকারি কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ হলো।

Related posts

Leave a Comment