১৪ আগস্ট ২০২১,(বিবিনিউজ ডেস্ক):তালেবানের হাত থেকে সুরক্ষা দিতে ২০ হাজারের বেশি আফগানকে আশ্রয় দেবে কানাডা। যাঁদের আশ্রয় দেওয়া হবে, তাঁদের তালিকায় আছেন তালেবানের হামলার ঝুঁকিতে রয়েছেন—এমন নারীনেত্রী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকেরা। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন কানাডার অভিবাসনমন্ত্রী মার্কো মেনডিসিনো। খবর রয়টার্সের
সংবাদ সম্মেলনে কানাডার মন্ত্রী বলেন, আফগানিস্তানে কানাডা সরকারের হয়ে কাজ করেছেন—এমন দোভাষী, দূতাবাসের কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের কানাডায় বসবাসের সুযোগ দেওয়ার পদক্ষেপ আগেই নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার নতুন এ সিদ্ধান্ত নেওয়া হলো। তবে কবে নাগাদ তা কার্যকর করা হবে, সে সম্পর্কে কিছু জানাননি তিনি।
আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে মার্কো মেনডিসিনো বলেন, দিন দিন আফগানিস্তানের একের পর এক এলাকা দখলে নিচ্ছে তালেবান। এর জের ধরে দেশটির অনেক বাসিন্দার জীবন হুমকির মুখে পড়ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী কারা কানাডায় আশ্রয় পেতে যাওয়া ব্যক্তিদের তালিকায় পড়ছেন, এর একটি ধারণা দিয়েছেন মার্কো মেনডিসিনো। তিনি বলেন, আফগানিস্তানে চলমান সহিংস পরিস্থিতিতে যাঁরা ঝুঁকিতে রয়েছেন, তাঁরাই আপাতত বসবাসের সুযোগ পাবেন। তাঁদের মধ্যে রয়েছেন নারীনেত্রী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, নিপীড়নের শিকার সংখ্যালঘু সম্প্রদায় ও সমকামীরা।
এর আগে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তাকারী দেশটির দোভাষীসহ অন্য ব্যক্তিদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের যেসব আফগান সহায়তা করেছেন, পরিবারসহ তাঁদের সরিয়ে নেওয়া হবে বলে জানায় মার্কিন সরকার।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর দেশটিতে একের পর এক এলাকা দখল করছে তালেবান বাহিনী। গতকাল পর্যন্ত দেশটির ৩৪টির মধ্যে ১৮টি প্রাদেশিক রাজধানীর পতন ঘটেছে তালেবানের হাতে। এ ছাড়া অনেক এলাকায় আফগান সরকারি বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে। রাজধানী কাবুল দখলের পথে এগোচ্ছে তারা। ইতিমধ্যে কাবুল থেকে মাত্র ৩০ মাইল দূরে পৌঁছে গেছে তালেবান বাহিনী।
