ষ্টাফ রিপোর্টার,১৭ অক্টোবর ২০২০(বিবিনিউজ):ঢাকার সাভারে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুজন হলেন রাজু আলী (৩৫) ও রিয়াজ (২০)। তাঁরা সাভারের বিরুলিয়ায় রিকশা চালাতেন।
পুলিশ জানায়, মাসখানেক আগে মুঠোফোনে রাজুর সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয়। ঢাকার উত্তরায় থেকে ওই নারী বাসাবাড়িতে কাজ করেন। তাঁর স্বামী সিএনজিচালিত অটোরিকশার চালক। ফোনে পরিচয়ের সূত্র ধরে রাজুর সঙ্গে ওই নারীর সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার সকালে রাজুর অনুরোধে তাঁর বাসায় যান ঐ নারী। বিকেলের দিকে রাজু তাঁকে ধর্ষণ করেন। এরপর রাজুর সহযোগী রিয়াজও তাঁকে ধর্ষণ করেন। এ সময় ঐ নারী চিৎকার দিলে আশপাশের লোকজন এসে রাজু ও রিয়াজকে আটক করে পুলিশে সোপর্দ করেন। খবর পেয়ে নারীর স্বামী ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালে নিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর রাতেই থানায় গিয়ে নারী ধর্ষণ মামলা করেন।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় রাজু ও রিয়াজকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
