ষ্টাফ রিপোর্টার, ১৩ অক্টোবর ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় চাকুরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে নারীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ। এর আগে রবিবার রাতে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,গাইবান্ধা সদর থানার আব্দুল আজিজের ছেলে মামুন (৩০), ও তার বোন আঞ্জু বেগম। তারা ঐ এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকুরি করতেন।
ভুক্তভোগীর বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সামিউল জানান, ভুক্তভোগী ওই তরুনী তার বোনের বাসায় চাকরি নেওয়ার জন্য আসেন। এরই সুবাদে বাসে পরিচয় হয় অভিযুক্ত আঞ্জু বেগমের। পরিচয়ের সুবাদে এক পর্যায়ে ভুক্তভোগীকে চাকরী দেয়ার কথা বলে আঞ্জু। পরে এ বিষয়ে কথা বলতে গত ৮ অক্টোবর আঞ্জুর বাড়িতে যায় ভুক্তভোগী। এসময় তাকে জোর করে ধর্ষণ করে আঞ্জুর ভাই মামুন। এ ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীকে নানাভাবে হুমকি দেয় অভিযুক্তরা। পরে পরিবারের সাথে কথা বলে ১০ অক্টোবর আশুলিয়া থানায় অভিযোগ করে ভুক্তভোগী।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জানান, অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।
আশুলিয়ায় চাকুরী দেবার নামে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
