
সাভার,২ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে উপাচার্যের নতুন ও পুরাতন কার্যালয় অবরোধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে সাতটা থেকে তারা উপাচার্যের কার্যালয় অবরোধ করে রাখেন। তাদের এই অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। এদিকে অবরোধের কারনে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কর্মকর্তা ও কর্মচারীরা। কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। এদিকে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা অবরোধের পাশাপাশি ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালন করছে ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। ধর্মঘটের ফলে ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকরা কোন বাস ক্যাম্পাসের বাহিরে যেতে পারেনি। আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন দুর্নীতিবাজ উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে।
এদিকে উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা নিজের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করে যাচ্ছেন তাদের কথায় আমি পদত্যাগ করবো না।
