ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত থেকে ৪৫ কেজি রুপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার ভোরে সদর উপজেলার কালিয়ানি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় রুপার গহনাগুলো জব্দ করা হয়। তবে, এ সময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত রুপার গহনার মূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
বিজিবি ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, ভারত থেকে অবৈধ পথে একদল চোরাকারবারী রুপার একটি বড় চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের মেইন পিলার ৭ সাব পিলার ৫৮ এর কাছাকাছি স্থানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রুপার গহনাগুলো সীমান্তের একটি খালে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে।
