ডেস্ক রিপোর্ট: ভোলায় ডাক্তারের ভুল চিকিৎসায় নূপুর (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নূপুর সদর উপজেলার রতনপুর এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহানের মেয়ে এবং ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।
নূপুরের মা রুমা বেগম বলেন, সোমবার দিবাগত রাত ৪টার দিকে নূপুরের ডায়রিয়া শুরু হয়। এ অবস্থায় তাকে খাবার খাওয়ানো হলে সে বমি করে। মঙ্গলবার বিকালে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর ডাক্তার তাকে স্যালাইন পুশ করেন। স্যালাইনটি ঘণ্টাখানেক চলার পর নার্স এসে তাকে একটি ইনজেকশন দেন। এরপর নূপুরের নাখমুখ থেকে লালা বের হয়ে সে মারা যায়।
নূপুরের বাবা মো. শাহজাহান বলেন, ডাক্তারের ভুল চিকিৎসায় আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার বলেন, ডাক্তার কিংবা নার্সের ভুলের জন্য যদি রোগীর মৃত্যু হয় তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ইতিমধ্যে ভোলা সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. সামি আহমেদ ও মেডিক্যাল অফিসার ডা. শরিফুল ইসলামের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মিতু/বিবি নিউজ/৭৭৪
