মাঠের বাইরে মুশফিকুর রহিম

112702_musডেস্ক রিপোর্ট: দুই সপ্তাহ খেলতে পারবেন না ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে বাধ্য হওয়া দলের প্রধান উইকেটরক্ষক এবং মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার জায়গায় খেলবেন উদীয়মান উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বুধবার বাংলাদেশ দলের ব্রিফিংয়ে কোচ হাথুরুসিংহে এ কথা জানিয়েছেন।

নেলসনে দ্বিতীয় ওয়ানডের আগের দিন মাঠে অনুশীলনে ঘাম ঝরানো শুরু করলেন সবাই, দেখা গেল না কেবল মুশফিকুর রহিমকেই। তখনই আন্দাজ করা যাচ্ছিল শঙ্কাটা। পরে কোচ চন্দিকা হাথুরুসিংহেই জানালেন, দুই সপ্তাহ খেলতে পারবেন না মুশফিক।

ব্রিফিংয়ে হাথুরুসিংহে বলেন, ক্রাইস্টচার্চে ইনজুরির পর পর্যবেক্ষণের ৪৮ ঘণ্টা সময় পার হয়েছে। বৃহস্পতিবার মুশফিকের স্ক্যান হবে। এরপর জানা যাবে তার প্রকৃত অবস্থা।

দুই সপ্তাহ মাঠের বাইরে থাকলে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ আর পুরো টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না মুশফিক। টেস্ট দলের অধিনায়কের শঙ্কা আছে আগামী ১২ জানুয়ারি শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলা নিয়েও।

বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের জায়গায় অভিষেক হবে নুরুল হাসান সোহানের। প্রথম ওয়ানডের দলে না থাকলেও প্রস্তুতি ক্যাম্প থেকে বাদ পড়া অন্য ক্রিকেটারদের মতো দলের সঙ্গে নিউজিল্যান্ডেই ছিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

কোচ সোহানের ওপর বিশেষ আস্থার কথা জানিয়ে বলেন, ঘরোয়া ক্রিকেটে রান করার সক্ষমতার প্রমাণ দিয়েছে সোহান। আশা করছি, জাতীয় দলেও সে তার যোগ্যতাকে পারফর্ম্যান্সে রূপান্তরিত করবে।

মুশফিকের না থাকা দলের জন্য আঘাত কিনা, এমন প্রশ্নের উত্তরে হাথুরুসিংহের জবাব, এটা অবশ্যই দলের জন্য আঘাত। তবে এসব তো খেলারই অংশ।

সোমবার প্রথম ওয়ানডেতে ৩৮তম ওভারে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে মুশফিকের। পরের ওভারে রান নিতে ডাইভ দিতে গিয়ে আবারও পান চোট। পরে মাঠ ছাড়েন ফিজিওর সঙ্গে। বুধবার স্ক্যান করার কথা ছিল চোটের জায়গায়। কিন্তু অবস্থার একটু উন্নতি না হওয়ায় স্ক্যান করা হয়নি।

 

 

 

মিতু/বিবি নিউজ/৭৭৩

Related posts

Leave a Comment