ডেস্ক রিপোর্ট: রংপুর সদর উপজেলায় বাবু মিয়া নামে এক পত্রিকা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার বাহারকাছনা জুম্মাটারি এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত বাবু মিয়া (৩০) রংপুর সদরের বাহারকাছনা জুম্মাটারি এলাকার মনির মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বাবু মিয়া রাতে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জমির ধান পাহারা দেওয়ার জন্য একাই যান। সেখানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন সেখানে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় ও তার বাড়িতে ও বাড়িতে খবর দেন।
নিহতের বাবা মনির হোসেন জানান, তার ছেলের সঙ্গে কারো বিরোধ ছিল না।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মিতু/বিবি নিউজ/৪৬৩
