প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দৃঢ় নেতৃত্বে সামনের দিনগুলো আরো বেশি সুন্দর হবে।
তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর পাশে এসে সকলকে সহযোগিতার আহবান জানান।
আজ সকাল ১০টা ৫০ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে¡ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উপস্থাপন শেষে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। বাজেট আলোচনা শুরুর পরপরই ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকের সভাপতির আসন গ্রহণ করেন।
গত ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেন।
২০১৬-১৭ অর্থবছরের বাজেট আলোচনার ১৭তম দিনে আজ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, সংসদে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী অংশ নেন।
বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরী বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় যে সাফল্য অর্জিত হয়েছে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেই সম্ভব হয়েছে।
তিনি বলেন, একটি দেশের বাজেট হলো সেই দেশের অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে দেশের অর্থনীতি আরো গতিশীল হবে।
সাজেদা চৌধুরী বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও অবকাঠামোসহ দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
তিনি বলেন, শিশুমৃত্যু হ্রাস, শিশু বিকাশ, আশ্রয়ন, বিনিয়োগ বিকাশ, ঘরে ঘরে বিদ্যুৎ, একটি বাড়ি একটি খামারসহ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলো বাস্তবয়িত হলে আর্থ-সামাজিক উন্নয়নে এক মাইল ফলক সৃষ্টি হবে।
