সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

Savar-mapসাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের একই স্থানে দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী পথচারী নিহত এবং আহত হয়েছে বাসে থাকা ১৫ যাত্রী। আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে নিহত পথচারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার সকাল ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দিনাজপুর থেকে ঢাকাগামী রাহবার পরিবহনের বাসটি চক্রবর্তী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ওই বাস অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির একাংশ ট্রাকের ভেতর ঢুকে যায়। এসময় এক নারী পথচারী আতঙ্কিত হয়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে অপর একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসব ঘটনায় স্থানীয়রা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে এবং একটি বাসে আগুন দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি শান্ত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছি। একই সাথে বাসের আগুনও নিভিয়ে ফেলি।

Related posts

Leave a Comment