চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীর সেগুন বাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা বলে জানা গেছে।
মালুমঘাট পুলিশ ফাঁড়ির এসআই জামাল উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখি একটি যাত্রীবাহী বাস ফাঁসিয়াখালী সেগুন বাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ম্যাজিক গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলে ম্যাজিক গাড়ির ৫ যাত্রী নিহত হয়। নিহতদের উদ্ধার করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
এদিকে, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস ও ম্যাজিক গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
দিয়া ইসলাম/৯১
