ষ্টাফ রিপোর্টার,২০ আগস্ট ২০২৬ (বিবিনিউজ): সাভারের আমিনবাজার বেগুনবাড়িতে নিহত আহমেদ বাবুর বাড়ির সামনে শোকাহত মানুষের ভিড় এবং কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা
স্বপ্নের দেশ কলকাতায় গিয়ে ব্যবসা টিকিয়ে রাখার লড়াইয়ে এক নিমিষেই চিরতরে নিভে গেল একটি তাজা প্রাণ। ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন সাভারের আমিনবাজারের তরুণ ব্যবসায়ী আহমেদ বাবু। দীর্ঘদিনের ভিসা জটিলতা কাটিয়ে দুই বছর পর ভারতে পা রেখেছিলেন তিনি। কে জানত, এই সফরই হবে তাঁর জীবনের শেষ সফর!
সোমবার রাতে ব্যবসার উদ্দেশ্যে ভারতের কলকাতা গিয়েছিলেন সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ির আদম আলীর ছোট ছেলে আহমেদ বাবু। তিনি আমিনবাজারের এম এ হোসেন টাওয়ারের ‘কিউট কসমেটিক্স’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন। কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলের তিনতলায় ‘শিখা ইন’ নামের সেই হোটেলে উঠেছিলেন তিনি। সেখানেই নেমে আসে কালরাত্রি। ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান শিশুসহ ৯ জন। নিহতদের মধ্যে বাংলাদেশির তালিকায় রয়েছে ৩৭ বছর বয়সী আহমেদ বাবুর নামও।
চার ভাইয়ের মধ্যে সবার ছোট আহমেদ বাবু। বাড়িতে রেখে গিয়েছিলেন তাঁর নয় বছরের বড় মেয়ে আর চার বছরের ছোট্ট অবুঝ শিশুটিকে। যে শিশুটি হয়তো এখনও বুঝেই উঠতে পারেনি তার মাথার ওপর থেকে ছাদ চিরকালের মতো সরে গেছে।
আজ দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে আসা একটি ফোন কল গুঁড়িয়ে দিয়েছে পুরো একটি পরিবারের স্বপ্ন। হাইকমিশন থেকে পাঠানো ছবি দেখে নিহতের স্বজনরা যখন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন, তখন আমিনবাজারের আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে।
“বাবু খুব সহজ-সরল মানুষ ছিল। দুই বছর ভিসা বন্ধ ছিল বলে যেতে পারেনি, ব্যবসা বাঁচানোর জন্যই তো ও কলকাতায় গিয়েছিল। ওতো জানত না সেখানে মৃত্যু ওর জন্য অপেক্ষা করছে। এখন ওর দুইটা ছোট ছোট বাচ্চার কী হবে? আমরা সরকারের কাছে হাত জোড় করে বলছি, যেকোনো উপায়ে ওর লাশটা যেন আমাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।”
এখন এই শোকার্ত পরিবারের একটাই আর্তনাদ আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে যেন আহমেদ বাবুর মরদেহটি যত দ্রুত সম্ভব নিজ জন্মভূমিতে ফিরিয়ে আনা হয়। নিহতের পরিবার ও স্থানীয়রা সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর সহযোগিতা কামনা করেছেন।
কলকাতায় হোটেলের আগুনে নিহত আহমেদ বাবুর মরদেহ দ্রুত দেশে ফেরানোর আকুতি পরিবারের
