সাভার বাসস্ট্যান্ডে হকার উচ্ছেদ॥ জনমনে স্বস্তি, পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের

শেখ এ কে আজাদ,সাভার,১৯ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাসস্ট্যান্ড এলাকার উভয় পাশে যানজটমুক্ত এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিতে অবৈধ হকার উচ্ছেদ অভিযান আবার পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্দেশে সাভার উপজেলা প্রশাসন এ উচ্ছেদ কার্যক্রম চালায়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে মহাসড়কের উভয় পাশে ফুটপাত দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা মহাসড়কের পাশে অবৈধ ভাবে নির্মিত অস্থায়ী স্থাপনাগুলো ভেঙে ফেলেন এবং মালামাল জব্দ করেন। অভিযানের খবর আগে ভাগে পেয়ে অনেক হকার নিজেদের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পান। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে হকাররা দোকান বসানোয় সাভার বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজট সৃষ্টি হতো এবং পথচারীরা চরম ভোগান্তিতে পড়তেন। প্রায়শই ছিনতাইসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ আসতো এই এলাকা নিয়ে। তাই প্রশাসনের এই উচ্ছেদ অভিযানকে স্থানীয় ছাত্রদলসহ সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন।
উচ্ছেদ কার্যক্রম শেষে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “জনস্বার্থে এবং মহাসড়কে নিরাপদ চলাচলের জন্য এই অভিযান পরিচালিত হয়েছে। এখন থেকে অবৈধভাবে কেউ মহাসড়কের দু”পাশে দোকান বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে উচ্ছেদ হওয়া হকারদের বিষয়ে মানবিক দিক বিবেচনা করে প্রশাসন ইতিবাচক পদক্ষেপের কথা জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, উচ্ছেদ হওয়া হকারদের তালিকা করে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই উচ্ছেদ অভিযানের ফলে স্থানীয় জনজীবনে যে স্বস্তি ফিরে এসেছে, তা বজায় রাখতে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।

Related posts

Leave a Comment