ষ্টাফ রিপোর্টার,২৫ অক্টোবর ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে শুকুর আলী নামের (৫৭) এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৫ অক্টোবর) সকালে ধামরাইর বাইশাকান্দা এলাকার কাছৈর গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
পুলিশ জানায়, সকালে বাইশাকান্দা ইউনিয়নের কাছৈর গ্রামে একটি বিলে মাছ ধরতে যান কৃষক শুকুর আলী। এসময় দুর্বৃওরা তাকে একা পেয়ে এলোপাথাড়ী কুপিয়ে হত্যা করে লাশ ফেলে যায়। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। তবে দুর্বৃওরা কি কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে বিষয়টি জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান বিএম মাসুদ রানা বলেন, ওই কৃষককে দুর্বৃত্তরা হত্যা করায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কৃষকের হত্যাকারীদের আটকের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
