২২ অক্টোবর ২০২০(বিবিনিউজ):মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন এক পথচারী। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঐ পথচারীসহ তিনজন নিহত হন। বৃহস্পতিবার দুপুরে মহাসড়কে মানিকগঞ্জের সিঙ্গাইরের ঋষিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন বাসযাত্রী।
নিহত তিনজন হলেন হলেন বাসচালক হৃদয় হোসেন (২৫), বাসযাত্রী আনোয়ারা বেগম (৬৫) ও পথচারী নিখিল সরকার (২৬)। তাদের মধ্যে আনোয়ারার ঠিকানা পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জ সদরের বেতিলা গ্রামের আবদুল হামিদের স্ত্রী। নিহত তিনজনের লাশ উদ্ধার করে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে শুকতারা পরিবহনের একটি বাস ঢাকার গাবতলীর দিকে যাচ্ছিল। পথে বেলা দেড়টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ মহাসড়কের ঋষিপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। আহত ১০ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সাভারের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, বৃষ্টির মধ্যে পথচারী নিখিল সরকার সড়ক পার হচ্ছিলেন। এ সময় বাসের চালক তাঁকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহত চারজনের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
