
ষ্টাফ রিপোর্টার,২৯ আগস্ট ২০২০(বিবিনিউজ):যৌতুকের টাকা না দেওয়ায় সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিন ভাইকে কুপিয়ে জখম করেছে এক বোন জামাই। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের মধ্য চারাবাগ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়,গত এক বছর আগে মধ্য চারাবাগ এলাকার মৃত ফয়েজ মিয়ার মেয়ে ফারজানা খাতুনের সাথে বিয়ে হয় ওই এলাকার মানিক মুন্সির ছেলে মনির হোসেনের সাথে। পরে বিয়ের পর থেকে ফারজানা খাতুনের স্বামী মনির হোসেন কয়েক লক্ষ টাকা যৌতুক দাবি করেন ফারজানা খাতুনের ভাইদের কাছ থেকে। এসময় ফারজানা খাতুনের সংসারের উন্নতির কথা ভেবে তার ভাইরা কয়েক লক্ষ টাকা যৌতুক দেন বোন জামাই মনির হোসেনের কাছে। পরে আবারও রাতে যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল ও কয়েক লক্ষ টাকা যৌতুক দাবি করেন ফারজানা খাতুনের স্বামী মনির হোসেন। এসময় মনির হোসেনের স্ত্রী ফারজানা খাতুন বাবার বাড়ি থেকে যৌতুক আনবে না জানালে স্বামী মনির হোসেন গৃহবধু ফারজানা খাতুনকে মারধর করা শুরু করেন। পরে এলাকাবাসী মারধরের বিষয়টি গৃহবধু ফারজানা খাতুনের ভাই ফিরোজ কবির,জহিরুল ইসলাম ও মমিনুল ইসলামকে জানালে তার বোনের বাড়িতে উপস্থিত হয়ে তিন ভাই তার বোনকে মারধরের বিষয়ে জানতে চাইলে বোন জামাই মনির হোসেন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে গৃহবধু ফারজানা খাতুনের ভাই ফিরোজ কবির,জহিরুল ইসলাম ও মমিনুল ইসলামকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের ডাক চিৎকারে এসে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত তিন ভাই জানান,স্থানীয়রা সময়মত তাদের ডাক চিৎকারে ঘটনাস্থলে না আসলে তার বোন জামাই নিরাপদে তাদেরকে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে চেয়েছিলো।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই (উপ-পরিদর্শক) সাইমন বলেন,ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
