চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে এক ট্রাক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। বৃহস্পতিবার আনহুইয়ের ইংশাং কাউন্টিতে এই ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
খবরে বলা হয়, ইংশাং-এ একটি ট্রাক অপর একটি তেলের ট্যাংকারকে ধাক্কা দিলে তাতে আগুন ধরে যায়। এতে পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
কাউন্টির প্রচার বিভাগ জানায়, বৃহস্পতিবার রাত ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে তেলের ট্যাংকার ফুটো হয়ে তেল নির্গত হওয়ায় তাতে আগুন ধরে যায়। এতে পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
এ দুর্ঘটনায় এক চালক, ওই বাড়িতে অবস্থান করা ছয় ব্যক্তি ও অজ্ঞাতনামা আরো একজন নিহত হয়।
ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহত সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চালু হয়েছে।
