চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুদু মণ্ডল (৭০) নামে এক কয়েদি মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। উজ্জ্বল (৩৮) নামে আরেক কয়েদি মারা যান মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে। সোমবার কারা কর্তৃপক্ষ তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
কারারক্ষী আবু হানিফ জানান, দুদু মণ্ডলের বাড়ি জামালপুরে। তার কয়েদি নম্বর ২৪২০/এ। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ড পেয়ে সাজা ভোগ করছিলেন। আর উজ্জলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। তিনিও একটি হত্যা মামলায় দণ্ড নিয়ে সাজা খাটছিলেন।
তিনি আরো জানান, সোমবার সকালে দুদু মণ্ডল কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দিকে রবিবার রাতে উজ্জল অসুস্থবোধ করলে তাকে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
