আজ থেকে গাড়ি চালানোর অধিকার পাচ্ছে সৌদি নারীরা

sowdeনিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে আজ রবিবার থেকে রাস্তায় গাড়ি চালাতে পারবেন সৌদি নারীরা। স্থানীয় সময় ২৩ জুন মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। বিশ্বে একমাত্র সৌদি আরবেই এতদিন নারীদের জন্য গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। দীর্ঘদিনের এ নিষেধাজ্ঞা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। সৌদির মানুষ মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে সামাজিক গতিশীলতার নতুন যুগ উন্মোচন হবে।

হানা আল খামরি নামে এক নারীবাদী লেখক সংবাদমাধ্যমে বলেন, নারীদের মুক্ত বিচরণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তিনি আরও বলেন, সৌদি আরবের নারীরা পিতৃতান্ত্রিক কাঠামোতে বাস করে। তাদের গাড়ি চালানোর অনুমতি অনেক দিক দিয়েই সাহায্য করবে। এটা তাদের মুক্ত বিচরণ ও ব্যক্তি স্বাধীনতায় সাহায্য করবে। দেশটির মানবাধিকার কর্মীরা বলছেন, অনেক নারী এখন নির্ভরতা থেকে মুক্ত হবে। অনেকে ব্যক্তিগত গাড়ি চালক অথবা পুরুষ আত্মীয়ের ওপর নির্ভর করতেন। এখন নারীরা গাড়ি চালানোর অধিকার পাওয়ার কারণে পারিবারিক খরচও অনেক ক্ষেত্রে কমে যাবে।

সৌদির নীতি-নির্ধারক সংস্থা আরব ফাউন্ডেশনের ঊর্ধ্বতন বিশ্লেষক নাজাহ আল-ওতাইবি বলেন, এটা এক ধরনের মুক্তির স্বাদ নারীদের জন্য। গত কয়েক মাস ধরে অনেক নারী গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়েছেন ও ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন। একটি জরিপ প্রতিষ্ঠান বলেছে, দেশটিতে ২০২০ সালের মধ্যে ৩০ লাখ নারী ড্রাইভিং লাইসেন্স পাবেন এবং গাড়িও চালাতে পারবেন। এ সিদ্ধান্তের কারণে নারীদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। ফলে ২০৩০ সালের মধ্যে জাতীয় অর্থনীতিতে অতিরিক্ত ৯০ বিলিয়ন ডলার যোগ হবে।

Related posts

Leave a Comment