সাভারে এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেছে এক চায়ের দোকানদার। এ ঘটনায় ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা জমাদ্দারপাড়া এলাকায় ওই শিশুর বাড়িতে শনিবার এ ধর্ষণের ঘটনা ঘটে।পুলিশ জানায়, ১১ বছরের ওই শিশু তার দাদির সাথে থাকতো। শিশুটিকে বাড়িতে রেখে শনিবার তার দাদি একটি দোকানে সদাই কিনতে যায়। এসময় সুযোগ বুঝে স্থানীয় চায়ের দোকানদার মজিবর রহমান (৩৫) ওই শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে।
পরে প্রতিবেশীরা ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে বললে তিনি সাভার মডেল থানায় পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় রবিবার সকালে সাভার মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করা হলে পুলিশ নগরকোন্ডা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।
ওই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টাফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষণকারীর কঠোর শাস্তি দাবি করেছেন ওই শিশুর দাদি।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার এস আই নুরুল হুদা ভুইয়া বলেন, ধর্ষণকারীকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
