ষ্টাফ রিপোর্টার,১৮ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন-শীর্ষক প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। আজ অনুষ্ঠানের মধ্যদিয়ে উপাচার্য এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। একই সাথে উপাচার্য প্রয়াত ছাত্রদল নেতা শহীদুল ইসলাম তুষারের নামে যাত্রী ছাউনির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমরা কোনো অবস্থাতেই হিংসা, সহিংসতা কিংবা অন্যায্যভাবে কারও ওপর আঘাত বা প্রাণহানিকে সমর্থন করি না। বৈচিত্র্য ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে সম্প্রীতি ও সততা প্রতিষ্ঠা করাই আমাদের মূল অঙ্গীকার হওয়া উচিত। তিনি আরও বলেন, যেকোনো পদ বা অবস্থানের চেয়ে ব্যক্তিগত নীতি-নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ বজায় রাখা সর্বাগ্রে থাকা উচিত।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জাবি সিনেট সদস্য ও ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জাকসু’র সাবেক ভিপি আশরাফ উদ্দিন খান, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোঃ বাবর প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন-শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ নাসির উদ্দিন।
