অচিরেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

nasimস্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সারা দেশে চিকিৎসক সংকট কাটাতে অচিরেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এরমধ্যে খুব তাড়াতাড়ি ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এই চিকিৎসক নিয়োগ হয়ে গেলে গ্রামে-গঞ্জে আর আর চিকিৎসক সংকট থাকবে না। গতকাল রবিবার দুপুরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দরিদ্র মানুষের একটাই জায়গা সরকারি হাসপাতাল, হেল্থ কমিউনিটি ক্লিনিক। তাদেরকে ঠিকভাবে চিকিৎসা সেবা দিতে না পারলে কোথাও যেতে পারবে না। এজন্য তিনি চিকিৎসকদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের লোকবলের সংকট কমিয়ে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে অচিরেই নব নির্মিত ৫০ শয্যার হাসপাতালের উদ্বোধন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। প্রায় ৫ বছর ক্লিনিক তালাবদ্ধ ছিল। মানুষ কোনো সেবা পায়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার কমিউনিটি ক্লিনিক চালু করেছে।

এদিকে মতবিনিময়ের শুরুতে সদ্য প্রয়াত ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী এড. ছায়েদুল হক ও চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ করা হয় এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Related posts

Leave a Comment