ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাশার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের কাজ্জালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাশার ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের সৈয়দ আহমেদের ছেলে। তাঁর লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধে নিহত বাশার সন্ত্রাসী ‘বাশার বাহিনী’র প্রধান। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক, কনস্টেবল কুদ্দুস ও উৎপল। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, শুক্রবার দিবাগত রাতে কাজ্জালিপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতদল পিছু হটে। তবে গুলিবিদ্ধ অবস্থায় বাহিনীপ্রধান বাশারকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, বাশারের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় হত্যাসহ ১৫টি মামলা আছে। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচটি গুলি ও বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
মিতু/বিবি নিউজ/৮১৫
