ডেস্ক রিপোর্ট: হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচেও বাংলাদেশ ক্রিকেট দলের অসহায় আত্মসমর্পণ। শনিবার নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে টাইগাররা।
বাংলাদেশের দেয়া ২৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে কেন উইলিয়ামসের ৯৫ রানের ইনিংসে সহজ হয়ে যায় নিউজিল্যান্ডের। তবে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। কিউই শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজই। নিজের প্রথম ওভারেই এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন লাথামকে। ইনজুরির কবলে পড়ে মাঠ ছাড়েন গাপটিল। এরপর নিল ব্রুম ও কেন উইলিয়ামসন দলকে টেনে নিতে থাকেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে আবারো বাংলাদেশকে ব্রেকথ্রুর এনে দেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের ৩৫ তম ওভারে ভয়ংকর হয়ে উঠা নিল ব্রুমকে আউট করেন এই কাটার মাস্টার। মাশরাফির তালুবন্দি হওয়ার আগে সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে ছিলেন নিল ব্রুম। তবে শেষ পর্যন্ত ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
এর আগে টস জিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান তুলে বাংলাদেশ। নেলসনের স্যাক্সটন ওভালে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ১০২ রানের ওপেনিং জুটিতে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। কিন্তু মাঝের ধ্বসে এলোমেলো হয়ে পড়ে টপঅর্ডার। ১৭৯ রানে সাত উইকেট হারিয়ে বসে। শেষ দিকে নুরুল হাসান সোহানের ৪৪ ও মাশরাফি বিন মর্তুজার ব্যাটে আসা ১৮ রানের ইনিংসে মাঝারিমানের পুঁজি পায় বাংলাদেশ।
মিতু/বিবি নিউজ/৮১৬
