বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক খালেদা একরামকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার ব্যাংককের একটি হাসপাতালে তাঁকে এই অবস্থায় রাখা হয়।
বুয়েটের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শাহ আলম জানান, নন হসকিন্স লিম্ফোমাসহ বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে গত রোববার ব্যাংকের একটি হাসপাতালে ভর্তি হন উপাচার্য। এর আগে বাংলাদেশে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৩ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যাওয়া হয়।
শাহ আলম আরো জানান, মঙ্গলবার সকাল থেকে অধ্যাপক খালেদা আকরামকে লাইফ সাপোর্ট ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন শেষে বুয়েটের প্রথম নারী উপাচার্য হিসেবে ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর নিয়োগ পান বিশ্ববিদ্যালয়টির স্থাপত্য বিভাগের অধ্যাপক খালেদা একরাম।
দিয়া ইসলাম /২২৩
