সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গকুলনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন কবরস্থান থেকে ছয়টি লাশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে কবরস্থানে গিয়ে বিষয়টি জানতে পারেন এলাকাবাসী। তারা ধারণা করছেন রবিবার রাতে এই লাশ চুরির ঘটনা ঘটে থাকবে।
এলাকাবাসী জানান, পাথালিয়া ইউনিয়নের গকুলনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন ওই কবরস্থানে নতুন-পুরনো প্রায় শতাধিক কবর রয়েছে। গত এক বছরের মধ্যে যেসব মানুষকে কবর দেওয়া হয়েছে, রবিবার রাতে এমন সাতটি কবর খনন করে দুর্বৃত্তরা। খনন করা সাতটি কবরের মধ্যে ছয়টি থেকে লাশ নিয়ে যায় তারা। অবশিষ্ট কবরটি খনন করলেও সেখান থেকে লাশ নিয়ে যেতে পারেনি তারা।
সোমবার দুপুরের দিকে ঘটনাটি জানাজানি হলে কবরস্থানটিতে ভিড় জমায় নিহতদের স্বজন ও এলাকাবাসী। এ সময় অবশিষ্ট কবরটিতে রেখে যাওয়া মরদেহটিকে আবারো কবর দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল হাই জানান, যেসব কবরের লাশ তুলনামূলক তাজা ছিল সেসব কবর খনন করা হয়েছে। এর আগেও ওই কবরস্থানটি থেকে কঙ্কাল ও মরদেহ চুরির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির সিএনআই নিউজকে জানান, ঘটনাটি জানার পর কবরস্থানটিতে পুলিশ পাঠানো হয়েছে। এটি একটি নতুন ধরনের অপরাধ। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করছে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ১৫ জুন একই কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল।
