কানডায় দাবানলের কারণে দেশটির অর্থনীতি তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশটির তেল উৎপাদন কমে যাওযায় তা অর্থনীতির ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে। কারণ জ্বালানি খাত জিডিপিতে ১০ শতাংশ অবদান রাখে। এছাড়া অপরিশোধিত তেলের মূল্য কমে যাওয়ায় অনেকেই চাকুরি হারাচ্ছে।
এদিকে কর্তৃপক্ষ সতর্ক করেছে ব্যাপক বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত আগামী কয়েকমাস দাবানল অব্যাহত থাকতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, অর্থবছরের দ্বিতীয়ার্ধে প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়বে।
আলবার্টার কিছু তেল কোম্পানী দাবানলের কারণে হয় তেল উৎপাদন সাময়িক বন্ধ করেছে না হয় কমিয়ে দিয়েছে। এসব কোম্পানীর শ্রমিকদের অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, তেল উৎপাদনের পরিমাণ প্রতিদিন ১০ থেকে ১৫ লাখ ব্যারেল কমে গেছে। এক সপ্তাহ আগেও উৎপাদনের পরিমাণ ছিল২৫ লাখ ব্যারেল।
উল্লেখ্য, সবচেয়ে বেশি দাবানল ছড়িয়ে পড়া শহর ফোর্ট ম্যাকমুরে থেকে প্রায় এক লাখ লোককে সরিয়ে নিতে হয়েছে। এর মধ্যে হাজার হাজার তেল শ্রমিক রয়েছে।
দিয়া ইসলাম / ৭১৩
