সাভারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত


ষ্টাফ রিপোর্টার,সাভার,১৭ জুন ২০২৬ (বিবিনিউজ ):​ঢাকার সাভার সরকারি কলেজে বিদ্রোহী কবি, বাংলা সাহিত্যের অবিসংবাদিত প্রতিভা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সাভার সরকারি কলেজে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) জন্মগ্রহণ করেন। দ্রোহ, প্রেম ও সাম্যের এই কবি ১৯৭৬ সালের ২৯ আগস্ট (১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​তার এই জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল হামিদ মোল্লা।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ আমির আলী এবং অধ্যাপক দীপক কুমার রায়। এছাড়া বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মোস্তফা কিষানসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
​আলোচকরা কবির জীবন ও কর্মের ওপর আলোকপাত করতে গিয়ে তার অসাম্প্রদায়িক চেতনা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। পরিশেষে, সাভার সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় কবির কবিতা ও গানের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related posts

Leave a Comment