সাজেকে গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, আহত ১১

১৭ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে সাজেকের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১১ শিক্ষার্থী আহত হয়েছেন। খবর পেয়ে সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

নিহত শিক্ষার্থীর নাম রিংকী আক্তার। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন। আহত ব্যক্তিদের সবাই একই বিভাগের শিক্ষার্থী। তাঁরা সাজেক যাচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল আজ সকালে খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় গাড়িটিতে ১২ শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থলে রিংকী নামের ওই শিক্ষার্থী মারা যান।

হতাহত শিক্ষার্থীদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার।

Related posts

Leave a Comment