সাভারে পোশাক কারখানার মালিককে হত্যার হুমকি

৭ মে ২০২২(বিবিনিউজ ): সাভারে একটি তৈরি পোশাক কারখানার মালিককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কারখানার স্টাফদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ছয় জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কারখানার মালিক।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় অবস্থিত বায়োটেক্স ফ্যাশন গার্মেন্টস এর মালিক মোহাম্মদ হানিফকে হত্যার হুমকি দেন কারখানার স্টাফরা।

মোহাম্মদ হানিফ জানান, তার পোশাক কারখানায় কাজ করে আসছিলেন ৮৫ জন শ্রমিক। বিভিন্ন কারখানা থেকে তিনি সাব কনট্রাক্টে কাজ এনে শ্রমিকদের দিয়ে উৎপাদন করে আসছিলেন। পরে বিভিন্ন সমস্যার কারণে কারখানার কিছু স্টাফের এপ্রিল মাসের অর্ধেক বেতন পরিশোধ করতে পারছিলেন না তিনি। এ সময় ওই স্টাফরা ১ এপ্রিল অর্ধেক মাসের বেতনের জন্য তার সাভারের গেন্ডার ভাড়া বাসায় যান। সেখানে তাকে না পেয়ে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে গিয়ে বাড়ি-ঘরে হামলার চেষ্টা করে। এসময় তাকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে বলে হুমকি ধামকি দেয়া হয়।

পরে তিনি রাতে কারখানার স্টাফ আউয়ালকে প্রধান আসামি করে ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ দিকে পরদিন সকালে তিনি কারখানায় গিয়ে দেখতে পান কিছু শ্রমিক কারখানাটিতে তাকে না জানিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। এ ঘটনায় তিনি ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারখানাটি চালু করা নিয়ে দেখা দিয়েছে অনিশচয়তা।

কারখানাটির শ্রমিকরা জানান, তারা কয়েকজন শ্রমিক এপ্রিল মাসের বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। ঘর ভাড়া ও দোকানে বাকির টাকা পরিশোধ করতে না পারায় এবং বাড়িওয়ালার কাছে লাঞ্ছিত হয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই এখলাছুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Related posts

Leave a Comment