ষ্টাফ রিপোর্টার, ১ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে এক নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক তিন ধর্ষণকারী হলো মহিদুল ইসলাম (৪০), মাজাহারুল ইসলাম (২৫),ও তরিকুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে সাভারের মুক্তিরমোড় এলাকায় ভাড়া বাড়িতে ঐ নারী শ্রমিককে গণধর্ষণ করে ছয় ব্যক্তি। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেয় তারা। পরে গণধর্ষণের শিকার ওই নারী বুধবার বিকেলে ছয়জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ বৃহষ্পতিবার সকালে ঐ তিন ধর্ষণকারীকে আটক করলেও পলাতক রয়েছে আরও তিনজন।
অন্যদিকে সাভারের যাদুরচর এলাকায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ঐ তরুণী সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সকালে মুজাহিদুল ইসলাম নামের (২৬) এক ধর্ষণকারীকে আটক করেছে।
এছাড়া সাভারের আনন্দপুর এলাকায় পাঁচ বছরের এক শিশু, আশুলিয়ার গাজীরচট এলাকায় একটি মাদ্রাসায় আট বছরের এক শিশু ও ধামরাইয়ের বাইশাকান্দা এলাকায় বিশ বছরের এক প্রতিবন্ধি তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। আশুলিয়ার কুরগাঁও এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
ধর্ষণের শিকার সবাইকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
সাভার ও ধামরাইয়ে শিশুসহ ৬ জন ধর্ষণের শিকার
