মোহাম্মদ সোহেল ,কক্সবাজার,১ আগষ্ট ২০২৬(বিবিনিউজ): কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার বেড়িবাঁধ থেকে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।্আজ দুপুর প্রায় ১টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার বেড়িবাঁধে সাগরের জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি স্থানীয়দের নজরে আসে। পরে তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও টেকনাফ মডেল থানাকে অবহিত করেন।স্থানীয়দের ভাষ্য, জোয়ারের স্রোতে ভেসে আসা মরদেহটি বেড়িবাঁধের ইটের সঙ্গে আটকে ছিল। দুর্গন্ধ পেয়ে কয়েকজন ঘটনাস্থলে গিয়ে পোশাকবিহীন অর্ধগলিত মরদেহটি দেখতে পান।সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি টেকনাফ মডেল থানায় বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।প্রাথমিকভাবে এটি কোনো রোহিঙ্গা ব্যক্তির মরদেহ হতে পারে বলে ধারণা করা হলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা আব্দুল আমিন বলেন, দুপুরে বেড়িবাঁধের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানান। তাঁরও ধারণা, এটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কোনো রোহিঙ্গার মরদেহ হতে পারে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশের সময় টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও আরও ৯ জন নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া মরদেহটি ওই ট্রলারডুবির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
টেকনাফে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার
