ধামরাইয়ে ত্রাণের চাউল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান মিজু বরখাস্ত

সাভার প্রতিনিধি,২০ আগষ্ট ,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে ত্রাণের চাউল আত্মসাতের ঘটনায় সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরআগে চাউল আত্মসাতের অভিযোগে র‌্যাব তাকে আটক করেছিলো। বর্তমানে র‌্যাবের করা মামলায় এই বিতর্কিত চেয়ারম্যান কারাগারে রয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে ধামরাইসহ বিভিন্ন থানায় চুরি,ডাকাতি ও হত্যাসহ একাধীক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত (১৮ আগস্ট) দু’টি চিঠিতে ধামরাইয়ের যাদবপুরের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানো নোটিশ দেয়া হয়।
সামিউল হক আরও জানান, চাউল আতœসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পাশাপাশি তাকে কেন চুড়ান্তভাবে অপসারণ করা হবে না জানতে চেয়ে তার প্রতি কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। পরিষদ পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট দিবাগত রাতে ত্রাণের চাউল আত্মসাৎতের অভিযোগে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করে র‌্যাব-৪। এসময় চেয়ারম্যানের বাড়ি থেকে আত্মসাতের উদ্দেশ্যে মজুদ করে রাখা ৩৫ বস্তা ভর্তি ৫৬০ কেজি চাউল উদ্ধার করা হয়। যার প্রতিটি ব্যাগে ১০ কেজি চাউল, এক কেজি তেল, দুই কেজি চিড়া, এক কেজি চিনি, এক কেজি লবণ ও এক প্যাকেট নুডুলস ছিলো। পরে ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছিল অভিযুক্ত এই চেয়ারম্যানের বিরুদ্ধে। এছাড়া তাকে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক এর পদ থেকে বহিস্কারের দাবিতে যাদবপুর এলাকায় মানববন্ধন ও করেছিলো এলাকাবাসী।

Related posts

Leave a Comment