
০৯ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। এতে ঈদে ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়েছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন ছেড়ে যাওয়ার পর বঙ্গবন্ধু সেতুর কাছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির একটি বগির দুই চাকা লাইনচ্যুত হয়। রেলওয়ের প্রকৌশলীরা লাইনচ্যুত বগিটি তোলার চেষ্টা করছেন। ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে।
এই দুর্ঘটনার কারণে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে আটকা পড়ে রয়েছে। এ ছাড়া দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেসসহ উত্তর ও দক্ষিণবঙ্গগামী সব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে রয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
