শাহজালালে ১০৩ সোনার বারসহ আটক ১

২৮ মে, ২০১৯(বিবিনিউজ): রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস ১০ কেজির বেশি ওজনের সোনার বারসহ আব্দুস সালাম (৪৮) নামে এক যাত্রীকে আটক করেছে। কাস্টম হাউস বলছে, সোনার বারের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা। গতকাল সোমবার রাত ১১টার দিকে ওই যাত্রীকে সোনাসহ আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট গতকাল রাত ১০টা ৪০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। ওই উড়োজাহাজে এসেছিলেন আব্দুস সালাম। তাঁকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর্চওয়ে মেশিনে চেক করা হলে আব্দুস সালামের প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। তাঁর পরে থাকা প্যান্টের বিভিন্ন অংশে লুকানো সাদা রঙের স্কচটেপে মোড়ানো ২টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ২টি প্যাকেট থেকে ১০৩টি স্বর্ণবার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম।

কাস্টম সূত্র বলছে, আব্দুস সালাম জানান, সোনার মালিক এইচ. এম নুরুজ্জামান ওরফে জিকো। তাঁর বাড়ি ঢাকার খিলক্ষেতে। আব্দুস সালামের মুঠোফোনে নুরুজ্জামানের ছবি এবং পাসপোর্টের ছবিও পাওয়া যায়। তিনি জানান, বিমানবন্দরে কর্মরত কোন এক সংস্থার এক কর্মকর্তা ওই সোনা নেবেন। তিনিই নুরুজ্জামানের কাছে সোনা হস্তান্তর করবেন।

কাস্টম সূত্র বলছে, আব্দুস সালাম মে মাসে পাঁচবার সিঙ্গাপুরে যাতায়াত করেছেন। আগেও বিমানবন্দরে কর্মরত কর্মকর্তার মাধ্যমে স্বর্ণ হস্তান্তর করেছেন। তবে যাত্রী বিমানবন্দরে কর্মরত ওই কর্মকর্তার ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে পারেনি।

আব্দুস সালামকে দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুসরণে আইনানুগ ব্যবস্থা নিয়ে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।

Related posts

Leave a Comment