গত জানুয়ারিতে মা, ভাইসহ পরিবারের অন্যান্যদের সঙ্গে একান্তে সময় কাটাতে এবং নিজের জন্মদিন উদযাপন করতে ঢাকায় এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। প্রায় পাঁচমাস পর আবারো ঢাকায় আসছেন রিচি।
সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার মধ্যরাতে রিচি সোলায়মান ঢাকার মাটিতে পা রাখবেন বলে জানান তিনি। তবে এবার কয়েকটি কারণে তার ঢাকায় আসার কথা। মায়ের সঙ্গে কোরবানীর ঈদ করা, রংপুরে নানী রিজিয়া বেগমকে দেখতে যাওয়া এবং কয়েকটি ঈদ নাটক টেলিফিল্মে কাজ করা। সবমিলিয়ে আগামী সেপ্টেম্বর পর্যন্ত তিনি দেশেই থাকবেন বলে জানান।
রিচি সোলায়মান বলেন, সবকিছু ঠিক থাকলে আল্লাহর ইচ্ছেতে ২৬ জুন মধ্যরাতে ইনশাল্লাহ ঢাকার মাটিতে পা রাখবো। এবারের কোরবানীর ঈদ ঢাকাতেই করার ইচ্ছে রয়েছে।
পাশাপাশি আমার দুই ছেলে মেয়ে রায়ান ও ইলমাকে সঙ্গে নিয়ে রংপুরে নানীর কাছে যাবো। এরইমধ্যে বদরুল আনাম সৌদ ভাই এবং চয়নিকা দিদির সঙ্গে নাটকে অভিনয়ের ব্যাপারে চুড়ান্ত কথাও হয়েছে। আরো অনেকের সঙ্গেই কথা হয়েছে। তবে চুড়ান্ত হয়নি। ঢাকায় আসার পর তা চুড়ান্ত করবো। তবে খুব বেশি অভিনয়ে সময় দেবার ইচ্ছে নেই। কারণ যেহেতু দেশের বাইরে থাকি, তাই দেশে ফিরে পরিবার, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে সময়টা ভালোভাবে কাটাতে চাই।
রিচি জানান, আগামী আগস্টে তার স্বামী তারসঙ্গে সময় কাটাতে আমেরিকা থেকে দেশে আসবেন। পরে সেপ্টেম্বরের মাঝামাঝিতে তারা একসঙ্গে আমেরিকা ফিরে যাবেন।
এদিকে রিচি অভিনীত রহমতুল্লাহ তুহিন পরিচালিত ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকটি প্রতি প্রতি শনি ও রবিবার রাত ৮.২০ মিনিটে এনটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এতে তিনি ফেরদৌসী মজুমদারের মেয়ের চরিত্রে অভিনয় করছেন। একই পরিচালকের নির্দেশনায় তিনি আমেরিকায় অভিনয় করেছেন ‘নিউইয়র্ক থেকে বলছি’। এ মাসের শেষে ধারাবাহিক এ নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবার কথা রয়েছে বলে জানান নির্মাতা তুহিন।
