রংপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রংপুরের কাউনিয়ায় এক অটোচালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।বুধবার রাত সাড়ে ৯টার দিকে মদামোদন এলাকায় এ ঘটনা ঘটে।
কাউনিয়া থানা সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার নাচনিয়া এলাকার আব্দুল মালেকের শারীরিক প্রতিবন্ধী ছেলে মমিনুল ইসলাম (২৬) অন্যান্য দিনের মতো বুধবার তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়।
সাতমাথা থেকে সাহেবগঞ্জ যাবার পথে মদামোদন এলাকায় রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে।

কথা কাটাকটির এক পর্যায়ে তারা মমিনুলকে গলা কেটে হত্যা করে। পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পথচারীরা রাস্তায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কাউনিয়া থানার ওসি মামুনুর রশিদ, ওসি (তদন্ত) হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। এব্যাপারে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানা গেছে।

Related posts

Leave a Comment