বিবি নিউজ , গোপালগঞ্জ, ৯ সেপ্টেম্বর : জেলার কাশিয়ানী উপজেলায় আজ ভোরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৬ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও কাশিয়ানী স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের লাশ ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। লাশ তাদের আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে পুলিশ জানায়।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সেবাগ্রীন লাইনের ড্রাইভার ফরিদপুর সদরের জয়রামপুর এলাকার জিহাদ মোল্লা (২৯), বাসের সুপারভাইজার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চানপুর গ্রামের ইব্রাহিম মিয়া (৩৫),বাসের হেলপার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া গ্রামের ফায়েকুজ্জামান মোল্লা (৫০) এবং রংপুরের বকসিগঞ্জের বাসিন্দা সেলিনা আক্তার (২৯)। বাকী ২ জনের পরিচয় পাওয়া যায়নি।
ভাংগা হাইওয়ে পুলিশের ওসি এজাজুল ইসলাম ও কাশিয়ানী থানার ওসি (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সেবাগ্রীণ লাইনের একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরিতমুখী একটি সিমেন্ট ভর্তি ট্রাকের সমুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’নারীসহ ৬ জন নিহত হন।
শেখ সালমা / বিবিনিউজ /১৪
