ডেস্ক রিপোর্ট: সাভার উপজেলার আশুলিয়ার তৈরি পোশাকশিল্পে অরাজক পরিস্থিতি সৃষ্টিতে সহায়তা ও শ্রমিকদের উসকানি দেয়ার অভিযোগে একুশে টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। গত ২৪ ডিসেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আশুলিয়া থানার পুলিশ সাংবাদিক নাজমুল হুদাকে হাজির করে ৭ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আতিকুল ইসলাম রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। সে অনুযায়ী সাংবাদিক নাজমুলকে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল গণমাধ্যমকে জানান, ৭ দিনের রিমান্ড শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি দেয়া হয়েছে। আদালত সন্তুষ্ট হয়ে রিমান্ডের এ আদেশ দেন।
গত ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়ার বাইপাইল থেকে নাজমুলকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নেয়া হয়। তার ব্যবহৃত মুঠোফোন, ল্যাপটপ ও ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে।
উল্লেখ, আশুলিয়ার তৈরি পোশাক শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র ও শিল্পে অরাজক পরিস্থিতি তৈরিতে সহায়তা এবং শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগে বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে গত শুক্রবার রাতে আশুলিয়ার বাইপাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্যে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। নাজমুল হুদার বাড়ি থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ ও ব্যক্তিগত গাড়িটি জব্দ করা হয়।
আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান ফিরোজ জানান, শুক্রবার রাতেই পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় নাজমুল হুদার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছে। মামলায় তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন ও ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।
মিতু/বিবি নিউজ/৭৬৪
